১৭৩ জন যাত্রী নিয়ে আকাশে উড্ডয়নের কিছুক্ষণ পরই উড়োজাহাজে ধরে যায় আগুন। বিপদ এড়াতে প্রায় সঙ্গে সঙ্গেই জরুরি অবতরণ করে সেই উড়োজাহাজ।
যুক্তরাষ্ট্রের ওহায়ো অঙ্গরাজ্যে ঘটনা এই ঘটনায় পাইলটের যথাসময়ে নেয়া সিদ্ধান্তে প্রাণে বেঁচে গিয়েছেন বহু যাত্রী। উড়োজাহাজটিতে আগুন ধরার একটি ভিডিও এরইমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
রোববার (২৩ এপ্রিল) সকালে যখন ঘটনাটি ঘটে তখন উড়োজাহাজটি ওহায়োর আপার অ্যারিংটনের আকাশে। কাছেই বিমানবন্দর থেকে সবে উড়েছে। উড়োজাহাজটিতে আগুন জ্বলতে দেখা যায় মাটি থেকেই।
আপার অ্যারিংটনের বাসিন্দারা জানিয়েছেন, উড়োজাহাজের ডানার নীচের ইঞ্জিনের জায়গা থেকে আগুনের গোলা ছিটকে বেরোচ্ছিল।
ঘটনাটি দেখে আতঙ্কিত হয়ে পড়েন তারা। উড়োজাহাজ দুর্ঘটনা ঘটতে পারে আশঙ্কায় বাড়ি থেকে বেরিয়ে পড়েন মানুষ। পুলিশকেও খবর দেন কেউ কেউ। ঘটনাটির ভিডিয়ো রেকর্ডিংও করেন অনেকে। সেই ভিডিয়োই ভাইরাল হয়েছে।
যে উড়োজাহাজটিতে আগুন লেগেছিল, সেটি রোববার সকাল ৭টা ৪৫মিনিটে উড়েছিল ওহায়োর জন গ্লেন কলম্বিয়াস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে। রওনা হয়েছিল ফিনিক্সের উদ্দেশে। দ্য আমেরিকান এয়ারলাইন ১৯৫৮ এর বোয়িং ৭৩৭ উড়োজাহাজটি আকাশে ওড়ার সঙ্গে সঙ্গেই জরুরি অবতরণ করে। ফিরে আসে ওহায়ো বিমানবন্দরে।
বিমানবন্দর সূত্রে খবর, উড়োজাহাজটি অবতরণের সঙ্গে সঙ্গেই বিমানবন্দর কর্মীরা আগুন নেভানোর ব্যবস্থা করেন। নিরাপদে নামিয়ে আনা হয় যাত্রীদেরও।
এদিকে কর্তৃপক্ষ জানায়, উড্ডয়নের পরপরই পাখি ঢুকে পড়ে উড়োজাহাজটির ইঞ্জিনে। এরপরই তাতে আগুন ধরে যায়। তা ছড়িয়ে পড়ে দ্রুত। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সূত্র: এনবিসি নিউজ
Leave a Reply